বিস্ময় বালক ছায়েদুজ্জামান তানভীর চাঁদপুরের এক প্রান্তিক পরিবারের সন্তান। বয়স আট বছর। মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে অদম্য মনোবল ও একাগ্রতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
পবিত্র কোরআন মুখস্থ শেষ করার পর গত শনিবার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদরের প্রখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসা তানভীরকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।
তানভীরের বাবা মোহাম্মদ নূরুন্নবী শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি একজন পান বিক্রেতা। সীমিত আয়ের পরিবারে জন্ম নিয়েও ধর্মীয় শিক্ষার অদম্য সাধনায় ছেলে আজ এক গৌরবময় অবস্থানে। তার তিন ছেলের মধ্যে তানভীর মেজো।
অনুষ্ঠানে হাফেজ তানভীরকে সংবর্ধনার পাশাপাশি মাদ্রাসার নতুন ৩৩ জন ছাত্রের পাঠদান কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘তানভীরের মতো শিশুদের কীর্তি আমাদের সমাজে আলো ছড়ায়। প্রযুক্তি আর প্রতিযোগিতার সময়ে যারা কোরআনের আলোয় নিজেদের গড়ছে, তারা আগামী দিনের সত্যিকারের নেতা।’
তারা আরও বলেন, ‘এ অর্জন শুধু পরিবারের নয়, গোটা সমাজের জন্যই এক অনুপ্রেরণা। এমন শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। তানভীরের এ অর্জন শুধু তার একক শ্রমের ফসল নয়, বরং এটি তার পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রয়াসের প্রতিচ্ছবি। ১৭৫ দিনের কঠোর সাধনা কোরআনের সঙ্গে তার হৃদয়ের যে সম্পর্ক গড়েছে, তা যেন জীবনভর আলোর পথ দেখায়। আমরা দোয়া করি, তানভীর যেন কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে একদিন ইসলামি জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে সমাজে নেতৃত্ব দিতে পারে।’
