ফ্রান্সের ফুটবল ক্লাবের মালিকানায় জকোভিচ

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম

ফুটবলের প্রতি নিজের আগ্রহের কথা অনেকবারই বলেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। সেই আগ্রহ আরও সম্প্রসারিত করলেন জকোভিচ। ফ্রান্সের দ্বিতীয় বিভাগে খেলা ফুটবল ক্লাব লে মানস এফসির আংশিক মালিকানা কিনেছেন তিনি।

জকোভিচ একা নয়, তার সঙ্গে ক্লাবটির মালিকানায় আরও অংশ নিয়েছেন সাবেক ফর্মুলা ওয়ান রেসার ফেলিপে মাসা এবং কেভিন ম্যাগনুসেন। আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ফরাসি ক্লাবটি। জকোভিচ ও সাবেক দুই ফর্মুলা ওয়ান ড্রাইভারের এই বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান 'আউটফিল্ড' যারা একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম।

লে মানস জকোভিচের মতো একজনকে বিনিয়োগকারী হিসেবে পেয়ে জানায়, 'ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় জকোভিচের মানসিক দৃঢ়তা এবং তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আমাদের ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ অনেক কিছু যোগ করবে।'

লে মানস ক্লাবের মূল লক্ষ্য ফরাসি ফুটবলের শীর্ষ স্তর লিগ ওয়ানে খেলার যোগ্যতা অর্জন করা। লে মানস ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত নানা সময়ে প্রথম বিভাগে খেলেছে। তবে ২০১৩ সালে আর্থিক সংকটে পড়ে ক্লাবটি বিলুপ্ত হয়ে যায়। এরপর আবারও ধীরে ধীরে শীর্ষ ফুটবলে ফিরছে তারা। গেল ১০ বছরে নিচু স্তরের লিগ থেকে উন্নতি করে আবারও দ্বিতীয় বিভাগে এসেছে ফরাসি ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত