৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভ্যুত্থানের দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশে যানজট সৃষ্টি হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় অমিত হাসান রবিন নামে এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো.সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো.আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা অমিত হাসান রবিন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ছাত্রদল নেতা অমিত হাসান রবিন তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লিখেন, 'সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি টানা দেড় ঘণ্টা জ্যাম। যানজটে আটকে থাকা সারিবদ্ধ গণপরিবহনের ছবি পোস্ট করেন। তবে কিছুক্ষণ পর তিনি সেই পোস্টটি মুছে ফেলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসান (অমিত হাসান রবিন) কে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
এ নিয়ে ছাত্রদলের নেতা জানিয়েছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভ্যুত্থানের দিবস উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের অনুসারী সদর উপজেলা বিএনপির অনুষ্ঠান ছিলো। এ অনুষ্ঠানের কারনে নান্দিনা বাজারের প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দেড় ঘণ্টা যানজটে আটকে থাকেন সাধারণ জনগণ। এ নিয়ে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের অনুসারী শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন তার নিজস্ব ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেন। বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনের অনুসারী জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে আসে। পরে তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে দলীয় পদ থেকে অব্যবহিত প্রদান করেন। তবে ওই ছাত্রদল নেতা গ্রুপিং রাজনীতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের অনেকেই।
এ ব্যাপারে ছাত্রদল নেতা অমিত হাসান রবিনের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভ্যুত্থানের দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা বিএনপির অনুষ্ঠান ছিলো। এ অনুষ্ঠানকে ঘিরে নান্দিনা বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে শুরুতেই জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা দোকান মালিক, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন। তারপরেও ওই ছাত্রদল নেতা একটি দায়িত্বশীল পদে থেকে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এতে দলের শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে দলীয় পদ অব্যবহিত দেওয়া হয়। তবে দলীয় কোন গ্রুপিংয়ের কারনে তাকে অব্যবহিত দেয়া হয়নি। এ ধরনের শৃঙ্খলা ভঙ্গের বিষয় উপজেলা ছাত্রদল কঠোর পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, নিজ দল সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। তাই তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
নতুন আল্টিমেটাম দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা
বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলা ভালো: সোহান
এই সময়েও দাপট ব্র্যাড পিটের