এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দল আরও একটি সুখবর পেল। ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড ২৪ ধাপ এগিয়েছে তারা। আজ বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০৪ নম্বরে। সব দলের মধ্যে বাংলাদেশই র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে।
গত জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তান, বাহরাইন এবং মায়ানমারের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমবারের মতো নিশ্চিত করে এশিয়ান কাপে খেলা। এতে লাল-সবুজ জার্সিধারীদের নামের পাশে ৮০.৫১ পয়েন্ট যোগ হয়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৯.৮৭। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ১১ ধাপ এগিয়েছিল। এবার ভেঙে গেল সেই রেকর্ড।
এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা। ২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনটি স্থানে আছে যথাক্রমে- স্পেন, যুক্তরাষ্ট্র এবং সুইডেন। এছাড়া ব্রাজিল আছে ৭ নম্বরে। বাংলাদেশ ছাড়া আসন্ন এশিয়ান কাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জাপান ৮, উত্তর কোরিয়া ১০, অস্ট্রেলিয়া ১৫, চীন ১৬, দক্ষিণ কোরিয়া ২১, ভিয়েতনাম ৩৭, ফিলিপাইন ৩৯, চীনা তাইপে ৪২, উজবেকিস্তান ৫২ এবং ভারত আছে ৬৩ নম্বরে।
এদিকে গত ১০ জুলাই ছেলেদের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছিল ফিফা। তাতে এক ধাপ পিছিয়ে ১৮৪ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশের জাতীয় পুরুষ ফুটবল দল। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে হামজা চৌধুরীদের এই পতন ঘটেছে। দলে দলে প্রবাসী ফুটবলার এলেও দেশের পুরুষ ফুটবলের সুদিন যেন আর ফিরছেই না। এই প্রেক্ষাপটে মেয়েদের নিয়ে জাগছে নতুন আশা।
অধিনায়ক শুবমানকে কেন ধমক দিয়েছিলেন সিরাজ?
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল, বাংলাদেশ ১৮৪তম
ধোনি বললেন ‘হলুদ জার্সিতেই আছি, তবে…’