স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর এলাকায় স্কুলে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে এমন ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- বিএনপির সমর্থক কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ। 

আহত জামায়াত সমর্থকরা হলেন- জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সোলেমান মণ্ডল, তোতা মিয়া ও সফর আলী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুরের হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পসর্দের সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার স্কুল কমিটির সভা অনুষ্ঠিত হয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হন। আহত উভয় পক্ষের লোকজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে দুপুর ১টার দিকে সদর হাসপাতালের জরুরী বিভাগে দুই দলের আহত নেতাকর্মীরা আরেক দফায় মারামারিতে লিপ্ত হয়। এ সময় চিকিৎসক ও সেবা গ্রহীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, চারমাস আগে স্কুলের কমিটি করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ। তারাই আজ বৃহস্পতিবার হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত