ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রী-বোনসহ ২৪জনের বিরুদ্ধে দুদকের মামলা 

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম

ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে নিজের মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী-বোনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহা. শোয়াইব ইবনে আলম। একই প্রক্রিয়ায় আরও ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এর আগে জাবেদ পরিবারের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। বিষয়টি আজ বিকেলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।

মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), বোন রোকসানা জামান চৌধুরী (৫৬) ও আফরোজা জামান চৌধুরীকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় ব্যাংকের কর্মকর্তাসহ আরও ২০ জন আছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক মালিকানাধীন আরামিট গ্রুপের চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ কামরুজ্জামানের ফুফাত ভাই সৈয়দ নুরুল ইসলামের নামে ‘ক্রিসেন্ট ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়। এরপর ওই প্রতিষ্ঠানের নামে ২০১৯ সালের ১০ অক্টোবর ইউসিবিএলের চট্টগ্রাম নগরীর জুবিলি রোড শাখায় একটি চলতি হিসাব খোলা হয়। নামসর্বস্ব প্রতিষ্ঠানটির নামে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ২৫ কোটি টাকা ‘টাইম লোনের’ আবেদন করা হয়। ব্যাংকের কর্মকর্তারা ঋণ আবেদনকারীর পরিচয়, স্টক, অভিজ্ঞতা ইত্যাদির মিথ্যা তথ্যে ‘সন্তোষজনক’ প্রতিবেদন দাখিল করে ২৫ কোটি টাকা ঋণ প্রদানের সুপারিশ করে ৬ ফেব্রুয়ারি তা ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশনে পাঠান।

মামলার এজাহারে আরও বলা হয়, ইউসিবিএলের ‘করপোরেট ব্যাংকিং ডিভিশন ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন’র কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি ওই ঋণ দেওয়ার ক্ষেত্রে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ তুলে ধরেছিল। এর পরও সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মাধ্যমে ‘প্রভাবিত’ হয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ওই বছরের ১৬ ফেব্রুয়ারি ঋণ অনুমোদন করা হয়। কিন্তু ইউসিবিএল’র করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের গঠিত ক্রেডিট কমিটি ঋণ প্রদানের ক্ষেত্রে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দেয়। সেই পর্যবেক্ষণ আমলে না নিয়ে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ব্যাংকের ৪৪৭তম বোর্ড সভায় ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। ১৯ ফেব্রুয়ারি ১৩ কোটি টাকা এবং ২০ ফেব্রুয়ারি ১২ কোটি টাকা ঋণ গ্রাহকের হিসেব নম্বরে জমা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত