ধর্ষণ মামলায় জামিন পেয়েই সাবেক আর্সেনাল তারকার ক্লাব বদল

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০:০০ এএম

তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত চলছে। সেই মামলায় লন্ডনের আদালতে হাজির হয়ে শর্তসাপেক্ষ জামিন পাওয়ার একদিন পরই নতুন গন্তব্য ঠিক করলেন থমাস পার্টি। আর্সেনালের সাবেক এই মিডফিল্ডার এবার যোগ দিলেন স্প্যানিশ লা লিগার ক্লাব ভিয়ারিয়ালে।

২০২০ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দিয়ে ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ১৩০টি সহ মোট ১৬৭ ম্যাচ খেলেছেন। গত ৩০ জুন আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল পার্টির। তারপর থেকেই তিনি ছিলেন ‘ফ্রি এজেন্ট’। অবশেষে গতকাল বৃহস্পতিবার ভিয়ারিয়াল আনুষ্ঠানিকভাবে ঘানার ৩২ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণা দেয়।

উল্লেখ্য, পার্টির বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণের পাঁচটি এবং অন্য নারীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। আর্সেনালে থাকা অবস্থায় ২০২১ থেকে ২০২২ সালের তিনি এই অপকর্মগুলো করেছিলেন। গত মঙ্গলবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়। শর্ত অনুযায়ী, তিনি ওই তিন নারীর কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন বা বিদেশ ভ্রমণের আগে পুলিশকে জানাতে হবে। পার্টি অবশ্য শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। আগামী ২ সেপ্টেম্বর তার লন্ডনের আদালতে ফের হাজির হওয়ার কথা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত