বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে তিনি চিটাগং কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেছিলেন। সেই পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলীর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পরিচালিত একটি অপরাধ বিষয়ক তদন্ত সম্পর্কে অবগত হয়েছে, যার সঙ্গে ক্রিকেটার হায়দার আলী জড়িত। এই তদন্ত সম্প্রতি পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরের সময় ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। খেলোয়াড়দের কল্যাণ ও আইনি অধিকার সুরক্ষার অংশ হিসেবে পিসিবি নিশ্চিত করেছে যে, হায়দার আলী পুরো তদন্ত প্রক্রিয়ায় যথাযথ আইনি সহায়তা পাচ্ছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পিসিবি যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়া ও পদ্ধতিকে সম্পূর্ণভাবে সম্মান জানায় এবং তদন্তকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার পক্ষে। তাই চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পিসিবি হায়দার আলীকে সাময়িকভাবে নিষিদ্ধ (প্রোভিশনাল সাসপেনশন) করার সিদ্ধান্ত নিয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং সব তথ্য যাচাই-বাছাই করে পিসিবি নিজেদের আচরণবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’
গত সোমবার শেষ হওয়া পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরের সময় হায়দারের বিরুদ্ধে অপরাধে জড়ানোর অভিযোগ ওঠে। তবে ঠিক কী ধরনের অপরাধের অভিযোগ উঠেছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, হায়দারকে ম্যানচেস্টার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়নি। এদিকে পিসিবিও বিবৃতিতে বলেছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে তারা আর কোনো মন্তব্য করবে না।
২০২০ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল হায়দারের। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলেছেন। যুক্তরাজ্য সফরে তিনি ৫০ ওভারের তিনটি ম্যাচ ও দুইটি তিন দিনের ম্যাচ খেলেছেন। বিপিএলে তাকে চিটাগং কিংস ছাড়াও ফরচুন বরিশালের জার্সিতে দেখা গেছে। এছাড়া ২০১৯ ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে তিনি পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশে এসেছিলেন।
ধর্ষণ মামলায় জামিন পেয়েই সাবেক আর্সেনাল তারকার ক্লাব বদল
নিজ দেশের ক্লাবের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিক