অধিনায়ক নিগার সুলতানার ক্ষোভ মেশানো পোস্ট ঘিরে রহস্য

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:০১ এএম

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানার একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে আলোচনার। আজ শুক্রবার সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন, ‘ক্রিকেটার এবং নারী ক্রিকেটারের মধ্যে পার্থক্য আছে বন্ধু।’ শেষে তিনি একটি ‘বিজয়’ চিহ্ন ব্যবহার করেছেন।

বাংলাদেশের পুরুষ এবং নারী ক্রিকেটারদের মাঝে বৈষম্য নতুন কিছু নয়। বেতন থেকে শুরু করে সুযোগ-সুবিধায় মেয়েরা অনেক পিছিয়ে আছে। তবে ঠিক কী কারণে নিগার এমন মন্তব্য করেছেন, তা পরিস্কার নয়। আরেকটি সূত্র বলছে, সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন কোয়াবে নারী ক্রিকেটারদের না ডাকার ক্ষোভ থেকেই নিগার এমনটা লিখেছেন। নিগার সুলতানা জ্যোতির সেই ফেসবুক পোস্ট।

মাসখানেক ধরেই দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় হলো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ (কোয়াব)। এই সময়ের মধ্যে সংগঠনটির একাধিক সভা হয়েছে। চুড়ান্ত হয়েছে নির্বাচনের দিনক্ষণ এবং ভোটার তালিকা। তবে সেই সভাগুলোয় কোনো নারী ক্রিকেটারকে ডাকা হয়নি। তাই প্রশ্ন উঠেছে, নারী ক্রিকেটাররা কি এটার সদস্য নয়? মেয়েরা কি ভোট দিতে পারবেন না?

এ বিষয়ে কোয়াবের আহ্‌বায়ক সেলিম শাহেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এখন পর্যন্ত কোনো সভায় কোনো নারী ক্রিকেটারকে পাইনি। কোনো মহিলা ক্রিকেটারকে আমি মিটিংয়ে আসতে দেখিনি। এখন পর্যন্ত কোন পজিটিভ ফিডব্যাক পাইনি।’ মেয়েদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাদের সাথে কথা বলিনি। তবে দুজন নারী আম্পায়ার আছে, তারা নিশ্চয়ই যোগাযোগ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত