টয়লেটের ফ্লাশ বিকল হওয়ায় এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে এলো বিমান

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রাত ১২টা ২৩ মিনিটে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবিগামী একটি উড়োজাহাজ। বিজি ৩২৭ ফ্লাইটটিকে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফিরে আসতে হলো শাহজালালে। কারণ একইসঙ্গে কাজ করছিল না উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ।

যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। পরে রাত ১টা ৩১ মিনিটে অবতরণ করে বিমানটি।

পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়। তবে সেই বিকল্প উড়োজাহাজটি সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক ফ্লাইটটি আজ বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন‍্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। আর বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেলে পরিচালিত হবে।

এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়।

এরও আগে ২৮ জুলাই দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত