কাঁধের হাড় সরে গেলেও অস্ত্রোপচার করাতে চান না ক্রিস ওকস

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম

ভারতের বিপক্ষে ওভাল টেস্টে ইংল্যান্ডের ছয় রানের পরাজয়ে কাঁধে মারাত্মক চোট পেয়েছিলেন ক্রিস ওকস। ম্যাচের প্রথম দিন কাঁধের হাড় স্থানচ্যুত হলেও দলের প্রয়োজনে এক হাতে ব্যাটিং করেছেন। আসন্ন অ্যাশেজ খেলার জন্য এবার তিনি ঝুঁকি নিতে যাচ্ছেন। অস্ত্রোপচারের বদলে পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই পেস বোলিং অল-রাউন্ডার।

আগামী ২১ নভেম্বর শুরু হবে ক্রিকেটের ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজ। মর্যাদার এই লড়াইয়ে মাঠে থাকতে চান ওকস। ইতোমধ্যেই ৩৬ বছর বয়সী এই বোলারের কাঁধের স্ক্যান করা হয়েছে। এখন পর্যন্ত রিপোর্ট হাতে না এলেও ওকস আশাবাদী যে, আট সপ্তাহের পুনর্বাসনে তিনি সুস্থ হয়ে উঠবেন। ওকস বিবিসি স্পোর্টকে বলেন, ‘আমি এখনো অপেক্ষা করছি ক্ষতির মাত্রা জানার জন্য। আমার সামনে দুটি বিকল্প আছে। একটি অস্ত্রোপচার এবং অন্যটি পুনর্বাসনের মাধ্যমে যতটা সম্ভব সুস্থতা ফিরিয়ে আনা।’

ওকস আরও বলেছেন, ‘পুনর্বাসন করলে এটি আবার ফিরে আসার ঝুঁকি আছে। ফিজিও ও বিশেষজ্ঞদের থেকে যা শুনেছি, তাতে অস্ত্রোপচারের পর সুস্থ হতে তিন থেকে চার মাস লাগবে, যা অ্যাশেজের কাছাকাছি সময়ে চলে যাবে। পুনর্বাসনের মাধ্যমে হয়তো আট সপ্তাহের মধ্যে কাঁধ আবার সারিয়ে তোলা সম্ভব। তাই সেটিও একটি বিকল্প হতে পারে। তাই এখন আমি পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব।’

স্টুয়ার্ট ব্রডের অবসর এবং ২০২৪ সালে রেকর্ড উইকেটশিকারি জেমস অ্যান্ডারসনের বিদায়ের পর থেকে ওকসই ইংল্যান্ডের বোলিং ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। ভারতের বিপক্ষে সিরিজে অবশ্য তিনি স্বরূপে ছিলেন না। ৫ ম্যাচের ৯ ইনিংস বোলিং করে নিয়েছেন ১১ উইকেট, ব্যাট হাতে সাকুল্যে করেছেন ৩৮ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত