১৮ বছর পর রিয়ালের ৯ নম্বর জার্সি পেলেন এক ব্রাজিলিয়ান

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

রিয়াল মাদ্রিদে ৯ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়—এটি এক ঐতিহ্য, যা শোভা পেয়েছে কিংবদন্তিদের গায়ে। এবার সেই মর্যাদাপূর্ণ জার্সি উঠতে যাচ্ছে ব্রাজিলের নতুন সেনসেশন এন্দ্রিকের গায়ে। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়ালের ৯ নম্বর জার্সিতে খেলেছিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। দীর্ঘ ১৮ বছর পর আবারও কোনো ব্রাজিলিয়ানের গায়ে উঠছে এই জার্সি।

২০২২ সালে মাত্র ১৬ বছর বয়সে পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এন্দ্রিক। গত মৌসুমে সিনিয়র দলে ৩৭ ম্যাচে ৮৪৭ মিনিট খেলে ৭ গোল করেছিলেন ১৭ বছরের এই কিশোর, যার ৫টি এসেছে কোপা দেল রেতে। রিয়াল তাদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এন্দ্রিককে ৯ নম্বর জার্সি দেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও এই উঠতি ব্রাজিলিয়ান তারকাকে ধারে পাঠানোর গুঞ্জন শোনা যাচ্ছিল।

গত মৌসুমে রিয়ালে অভিষেকেই ৯ নম্বর জার্সি পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই মৌসুমে লুকা মদরিচের বিদায়ের পর পাকাপাকিভাবে তার ১০ নম্বর জার্সির মালিক হয়ে যান বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। ৯ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন গত ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা গঞ্জালো গার্সিয়া। শেষ পর্যন্ত গঞ্জালোকে ১৬ আর এন্দ্রিককে ৯ নম্বর জার্সি দিয়ে বেশ চমকই দিলেন রিয়াল কোচ জাবি আলোনসো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত