ব্রাহ্মণবাড়িয়ায় নগদ ৬ লাখ টাকাসহ সুমন মিয়া নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। তার কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল সুমনকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ খান। সুমন মিয়া ওই এলাকার সোলেমান মিয়ার ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, সুমন দীর্ঘদিন ধরে খাঁটিহাতা এলাকায় মাদক ব্যবসার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে নগদ ছয় লাখ ৬৩ হাজার ৪১০ টাকা, এক হাজার ৫০ পিস ইয়াবা, ২২ বোতল এস্কাফ সিরাপ, ১০ গ্রাম গাঁজা, ছয়টি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধারকৃত মাদক ও টাকাসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সুমনকে মাদক ও উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
