দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গরীব চক্ষু রোগীদের জন্য সম্পুর্ন বিনামুল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতি ও বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর যৌথ আয়োজনে রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় পাবলিক ক্লাব ও লাইব্রেরী প্রাঙ্গনে দিনব্যাপী এই চক্ষু শিবির ক্যাম্পের শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সভাপতি মুরাদ ইমাম কবির, সাধারন সম্পাদক আরমান আলী প্রমুখ।
রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম হিলির বিভিন্ন এলাকা থেকে আসা ৫ শতাধিক নারী ও পুরুষ রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান করে।
সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই চক্ষু শিবির। এসময় চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে বিনামুল্যে তাদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করা হয়। তাদের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে নিয়ে সম্পুর্ন বিনামুল্যে চোখের অপারেশন করে বাড়ি পৌছে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
