চট্টগ্রামের রাউজানে ১৬০ বছর আগের পুকুর ভরাট করার অভিযোগে করা পরিবেশ অধিদপ্তরের মামলায় এক জনপ্রতিনিধিসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১০ জুলাই) দুপুরে শুনানি শেষে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হক এই আদেশ দেন। ২০২৩ সালের ৩১ মে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেছিলেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ খোরশেদুল ইসলাম (৫০), একই ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের বাসিন্দা মুহাম্মদ জাহেদুল ইসলাম (৪৮), আলী আকবর (৬০), মকবুল আহমদ (৫৫) ও মুহাম্মদ খোরশেদ (৫২)।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, পুকুর ভরাটের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আদালত অভিযুক্ত ব্যক্তিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন মুহম্মদীয়া দরবার শরিফ সংলগ্ন পুকুরটি ২০২১ সালে ভরাটের কাজ শুরু করেন অভিযুক্ত ব্যক্তিরা। পরে স্থানীয় বাসিন্দাদের বাধায় তা বন্ধ হয়। এরপর ২০২৩ সালের শুরুতে আবারও কর্ণফুলী নদীতে ড্রেজার বসিয়ে পাইপলাইনের মাধ্যমে পুকুর ভরাট শুরু করেন। পরে স্থানীয়রা পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনার তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পান। এরপরও তখনকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই পুকুর ভরাট করেন অভিযুক্ত ব্যক্তিরা।
অভিযুক্ত ব্যক্তিদের দাবি, তারা সামাজিকভাবে কবরস্থান বানানোর জন্য মালিকদের সম্মতি নিয়ে এটি ভরাট করেছেন।
চোরাচালান ধরতে গিয়ে নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার
নাঈমা করিমের শর্ট ফিল্ম “মিরাজ” ভেনিস ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রিত