লালমনিরহাটে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৬:২৩ পিএম

লালমনিরহাটে স্থানীয় সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক ও কবি হেলাল হোসেন কবিরকে (৩২) বাড়ি থেকে তুলে নিয়ে বেদম মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় তিনি ও তার মা ছামছুন্নাহার বেগম লুসি আহত হয়ে বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা ঢঢগাছ এলাকায় এ ঘটনা ঘটে। আহত হেলাল হোসেন কবির স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক আলোর মনি’-এর নির্বাহী সম্পাদক এবং ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় কবির বাদী হয়ে ১১ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ প্রধান অভিযুক্ত সোহরাব আলীকে (৫০) গ্রেপ্তার করে। তিনি একই এলাকার মকবুল হোসেনের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার রাতে পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হলে, পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে ১০–১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কবিরের ওপর হামলা চালায়। তারা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং কবিরের পকেট থেকে ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ধারালো ছোরা দিয়ে গলায় আঘাত করা হয়।

এ সময় তার মা ছামছুন্নাহার বেগম লুসি ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও মারধর ও শ্লীলতাহানি করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক গোকুল রায় বলেন, একজন সাংবাদিকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করা কোনভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত