কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০২:২৯ পিএম

দেশের বিভিন্ন স্থানে ‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’ স্লোগানকে সামনে রেখে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে চাঁদপুরে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতারা বক্তব্য প্রদান করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মো. ওমর ফারুক।

লিখিত বক্তব্যে জানানো হয়, ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। কিন্তু কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অসাম্য সৃষ্টি করেছে। ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে।

বৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক মর্যাদা ও শিক্ষায় অগ্রগতির প্রেরণা। যখন কোনো শিশু তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু সে পারছে না বিদ্যালয়ের স্বীকৃতির ভিন্নতার কারণে, তখন তা তার মনোবল নষ্ট করে এবং বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী।

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারলে শিক্ষার্থী ও পরিবারে মানসিক চাপ সৃষ্টি হয়, যার দায়ভার সরকারকেই নিতে হবে। প্রাথমিক শিক্ষা শুধু সাক্ষরতার পরিচায়ক নয়, এটি ভবিষ্যতের মজবুত ভিত্তি গড়ে দেয়। যদি সেই ভিত্তিতে বৈষম্য থাকে, তবে কিভাবে সমতার সমাজ গঠন সম্ভব?

সংগঠন কর্তারা ইতোমধ্যে জারি করা পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষায় সমঅধিকার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। তারা বলেন, ২০ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং ঢাকায় মার্চসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা সভাপতি গোলাম হোসেন টিটো, সদর উপজেলা সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, হাজীগঞ্জ উপজেলা সভাপতি আক্তার হোসেন, সাবেক সভাপতি মো. শাহ আলম মুন্সী, কচুয়া উপজেলা সভাপতি শাহ মো. জাকির উল্লাহ, সম্পাদক মোহাম্মদ আলী, মতলব উত্তর সম্পাদক এসকে শহীদ, মতলব দক্ষিণ সভাপতি ফারুক আহমেদ বাদল, সম্পাদক মোস্তফা কামাল, ফরিদগঞ্জ সভাপতি রেজাউল করিম মাসুদ, সম্পাদক মাওলানা জাকির হোসাইন, হাইমচর সভাপতি তাজুল ইসলাম ও সম্পাদক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত