জয়পুরহাটে ভুয়া ভাউচার দিয়ে সার উত্তোলনের চেষ্টায় যুবক গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম

জয়পুরহাটে ভুয়া ব্যাংক ভাউচার দেখিয়ে সরকারি সার উত্তোলনের চেষ্টার সময় হাসিব আল মামুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যার শহরের সিও কলোনি এলাকার বিসিআইসি বাফার গোডাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত হাসিব আল মামুন পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। তিনি তার বাবার ডিলার পয়েন্টে কাজ করতেন বলে জানা গেছে।

জানা যায়, পাঁচবিবির ডিলার মেসার্স মামুন ব্রাদার্স চালকের প্রতিনিধি হাসিব আল মামুন সার উত্তোলনের জন্য জনতা ব্যাংক জয়পুরহাট শাখায় ৭ লাখ ৫০ হাজার টাকার একটি ভাউচার এবং পাঁচবিবি শাখায় ৯ লাখ টাকার একটি ভাউচার প্রদর্শন করে বাফার গোডাউন থেকে সার উত্তোলনের চেষ্টা করে। যাচাই করে দেখা যায়, জয়পুরহাট শাখার ভাউচারটি বৈধ হলেও পাঁচবিবি শাখার ভাউচারটি ভুয়া। 

সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার জানান, উক্ত নম্বর ও টাকার কোনো ভাউচার সেদিন ইস্যু করা হয়নি। 

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও গোডাউনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে, হাসিব আল মামুন স্বীকার করেন ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার তৈরি করা হয়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত