মাঠে নামছে আবাহনী, খেলা শুরু বিকেল ৫ টায়

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তান কাপ জয়ী এফসি মুরাস ইউনাইটেডকে আতিথ্য দেবে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। গত মৌসুমে লিগ শিরোপা না জিতলেও মোহামেডানের নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতার সুযোগে এশিয়ার ক্লাব পর্যায়ের তৃতীয় সর্বোচ্চ মর্যাদার এই লিগে খেলার সুযোগ মিলে ধানমণ্ডির ক্লাবটির। আর বাছাইয়ে এগিয়ে থাকায় নিজের দেশের মাটিতে মিলেছে খেলার সুযোগ।

ম্যাচটি শুরু হবে বিকেল ৫ টায়। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টসে।

প্লেঅফ খেলতে নামার আগে দুই দলের অবস্থান দুরকমের। আবাহনী সম্পর্কে খুব একটা জানাশোনার সুযোগ পায়নি মুরাস। অন্যদিকে জালাল-আবাদের ক্লাবটির অন্তত সাত-আটটি ম্যাচ দেখে শক্তি-দুর্বলতার ধারণা নিয়েছে আবাহনী।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই আত্মবিশ্বাসী শুনিয়েছে আবাহনী কোচ মারুফুল হক ও অধিনায়ক আসাদুজ্জামান। ইতিবাচক ফল দিয়েই মৌসুমের শুরুটা করতে চায় আকাশী-হলুদ জার্সীধারীরা। কোচ মারুফ জানান, ‘গত মৌসুমের থেকে পাওয়া যে শিক্ষাগুলো আমরা এ মৌসুমে কাজে লাগানোর চেষ্টা করছি। আর বিদেশি খেলোয়াড়ের ব্যাপারে আমাদের পরিকল্পনা ছিল তিনজনকে পাওয়ার। সেটা না হলেও আমরা একজনকে পেয়েছি। তারপরও অন্যান্য ক্লাব থেকে আল আমিন, শেখ মোরসালিন ও কাজেম শাহ আসাতে আমি মনে করি আমাদের মাঝমাঠ ও আক্রমণভাগ গত মৌসুমের তুলনায় বেশি শক্তিশালী অবস্থায় আছে। আর রক্ষণে যারা গতবার ছিল তারাই রয়েছেন।’

এ মৌসুমে মোহামেডানের প্রাণভোমরা সুলেমান দিয়াবাতের গায়ে উঠেছে আকাশী-হলুদ জার্সি। তাকে নিয়ে প্রত্যাশাটাও উঁচুতে সমর্থকদের। কোচ বলেন, ‘৬ বছর ধরে সুলেমান দিয়াবাতেকে দেখে আসছি এবং পুরোটা সময় প্রতিপক্ষ দলে। ওর সামর্থ্য সম্পর্কে আমার জানা আছে। এই ম্যাচকে ঘিরে আমাদের পরিকল্পনা তার সঙ্গে ভাগ করে নিয়েছি। অনুশীলনে সে যতক্ষণ ছিল সেই পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছে। ম্যাচে সে যদি তার ৫০ শতাংশও করতে পারে তাহলে আমি কোচ হিসেবে খুশি থাকবো।’

এএফসির টুর্নামেন্টে প্রথমবার অংশ নিলেও দল হিসেবে মুরাস যে শক্তিতে এগিয়ে সেটি জানেন আবাহনীর কোচ, ‘মুরাসের কথা বললে তাদের যেরকম ফ্যাসিলিটিজ আছে তা ইউরোপীয় বড় বড় ক্লাবগুলোর মতোই প্রায়। আমাদের সঙ্গে হয়তো নতুন খেলছে কিন্তু তারা তাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। তাদের শক্তিমত্তার জায়গাগুলো আমাদের জানা আছে।’

এ তো গেল গল্পে আবাহনীর অংশ, চ্যালেঞ্জ লিগে অভিষেক ম্যাচে আলো ছড়িয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে চান গত একবছর ধরে মুরাস ইউনাইটেডের ডাগআউট সামলানো কোচ পুচকভ সারজি। সংবাদ সম্মেলনে তার সোজাসাপ্টা কথা, 'অবশ্যই আমরা আমাদের সেরাটা দেবো জেতার জন্য। যে দুটো দলের কথা বললেন তারা খুব অভিজ্ঞ ক্লাব আমাদের দেশের। আমরা নতুন দল, তবে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করব আমরা। এশিয়ান ফুটবলে নিজেদের তুলে ধরার ভালো সুযোগ এটি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত