ছুটি কাটিয়ে এশিয়া কাপের ক্যাম্পে ক্যাপ্টেন লিটন দাস

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম

ব্যক্তিগত ছুটি কাটিয়ে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। আজ মঙ্গলবার সকাল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

শ্রীলঙ্কা সফরের পর স্ত্রী-সন্তানকে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন লিটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবিও শেয়ার করেন তিনি। তবে এরই মধ্যে আসন্ন এশিয়া কাপ উপলক্ষ্যে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প শুরু হয়।

দেশের বাইরে থাকায় প্রথম দিকের অনুশীলনে থাকা হয়নি লিটনের। গেল রবিবার জাতীয় স্টেডিয়ামে ৪০ মিটার স্প্রিন্ট ও ১৬শ মিটার টাইম ট্রায়ালেও ছিলেন না লিটন। ছুটিতে থাকায় তাওহীদ হৃদয়ও ছিলেন না সেদিন।

মিরপুরে আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। পরে ২০ তারিখ সিলেটে চলে যাবে বাংলাদেশ দল। সেখানেই হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত