ইরানের শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) ও যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনী আরও কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানাবে।
মঙ্গলবার তেহরানে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল রুদজানি মাফওয়ানিয়ার সঙ্গে বৈঠকে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওয়াদা ভঙ্গ করার জন্য কুখ্যাত।
তিনি বলেন, এর ফলস্বরূপ, ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন আগ্রাসনের ক্ষেত্রে আরও কঠোর জবাব দিতে প্রস্তুত।
মেজর জেনারেল মুসাভি আরও বলেন, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বিশ্বের সর্ববৃহৎ সন্ত্রাসবিরোধী বাহিনী। এটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত।
তিনি দক্ষিণ আফ্রিকার প্রশংসা করে বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে দেশটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইরানের মতাদর্শ ও নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ অবস্থান নিয়েছে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার সেনাপ্রধান ইরানকে ধন্যবাদ জানান দক্ষিণ আফ্রিকার জনগণের বর্ণবাদবিরোধী সংগ্রামে পাশে থাকার জন্য।
জেনারেল মাফওয়ানিয়া বলেন, পারস্পরিক সমর্থন দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন তৈরি করেছে।
