যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহত রেজাউল ইসলাম (৫০) ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, রাত ১২টার পর দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশেই তাকে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, নিহত রেজাউল যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।