সালাহর প্রতিবাদের পর ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে সরব হলো উয়েফা

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম

‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত ফুটবলার সুলেইমান-আল-ওবেইদকে হত্যা করে ইসরায়েল। তিনি দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় নিহত হন। এই ঘটনায় শোক প্রকাশ করতে গিয়ে গড়বড় করে ফেলে উয়েফা। মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ এর তীব্র প্রতিবাদ জানানোর পর এবার প্রকাশ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহবান জানাল উয়েফা।

গত ৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ -এ উয়েফার পক্ষ থেকে লেখা হয়, ‘বিদায় সুলেইমান আল-ওবেইদ, “ফিলিস্তিনের পেলে”। একজন প্রতিভাবান খেলোয়াড়, যিনি ঘোর দুঃসময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।’ সেই পোস্ট শেয়ার করে লিভারপুল তারকা সালাহ লিখেছেন, ‘আপনারা কি বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’ সালাহর এই প্রতিবাদের পর উয়েফার সমালোচনায় সরব হয়েছিলেন অনেকেই। উয়েফা সভাপতি আলেক্সান্দা সেফেরিনের পাশে দুই ফিলিস্তিনি কিশোর-কিশোরী মোহামেদ এবং তালা।

অবশেষে গতকাল বুধবার ইতালির উদিনেতে ব্লুনার্জি স্টেডিয়ামে পিএসজি বনাম টটেনহ্যামের মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনাল শুরুর আগে বার্তা দিল উয়েফা। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে এদিন খেলা শুরুর আগে স্টেডিয়ামে ‘স্টপ কিলিং চিলড্রেন ও স্টপ কিলিং সিভিলিয়ান’ বার্তাসংবলিত বড় ব্যানার প্রদর্শন করা হয়। এছাড়া মাঠে দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর পর ‘শিশু ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ কর’ ব্যানার প্রদর্শন করা হয়।

ফাইনালে টাইব্রেকারে শিরোপা জিতে নেয় পিএসজি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকার দুজন শরণার্থী শিশুকে নিয়ে এসেছিল উয়েফা। তাদের একজন ১২ বছর বয়সী কিশোরী তালা আর অন্যজন ৯ বছর বয়সী মোহামেদ। ম্যাচ শেষে উয়েফা সভাপতি আলেক্সান্দা সেফেরিনের পাশে সাদা টি-শার্ট পরে তারা দাঁড়িয়ে ছিল। ব্যানার প্রদর্শনের ছবি উয়েফার এক্স হ্যান্ডল থেকেও পোস্ট করা হয় এবং ক্যাপশনে লেখা হয়, ‘বার্তাটা জোরাল ও পরিষ্কার’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত