কুয়াকাটায় এক ইলিশের দাম সাড়ে ৫ হাজার টাকা

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় ১ কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৫ হাজার ৬২৫ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে কুয়াকাটার গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে শিনু গাজীর জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে কুয়াকাটা পৌর মাছ বাজারে রাসেল ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

মাছটি কুয়াকাটা রাসেল ফিস নামের আড়তে বিক্রির জন্য নিলে নিলামের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকায়, প্রতি কেজি ৩ হাজার ১২৫ টাকা দরে ৫ হাজার ৬২৫ টাকায় স্থানীয় ব্যবসায়ী ফিস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির মুন্সি ক্রয় করেন। এই সময় মাছটি দেখতে ভিড় জমায় অনেকেই।

জেলে শিনু মাজি বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগর মোহনায় চর বিজয় দ্বীপের পূর্ব পাশে জাল ফেলেন। তখন অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশ ধরা পড়ে। তিনি বলেন, বড় মাছের দাম বেশি তবে পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকা যায়।

রাসেল ফিস আড়তের ব্যবসায়ী রাসেল বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি নিলামে ১ লাখ ২৫ হাজার টাকা মণ দরে নাসির নামের ব্যবসায়ী ক্রয় করেন।

স্থানীয় নিয়মিত ক্রেতা ইমরান গাজী আক্ষেপ করে বলেন, ৩ হাজার টাকা কেজি দরে ইলিশ কখনোই আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। আগে বছরে অন্তত একবার ঘরে ইলিশ উঠত, এখন সেটা স্বপ্ন হয়ে গেছে। বাজারে গিয়ে শুধু তাকিয়ে দেখি, কিনে খাওয়ার সামর্থ্য নেই। এটি এখন বিত্তবানদের খাবার, আমাদের নাগালের বাইরে।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, বড় ইলিশে ফ্যাট বেশি থাকায় এতে ওমেগা-৩ ও ভিটামিন থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী। 

তিনি আরও বলেন, ছোট ইলিশের অযাচিত আহরণ, নদীতে পানি কমে যাওয়া, বাঁধ ও সুইস গেটের কারণে মাছের অভিবাসনে বাধা, অবৈধ জাল ব্যবহার ও সহ-ব্যবস্থাপনা কমিটির অভাবের ফলে বড় ইলিশের সংখ্যা কমছে। এছাড়া পানি দূষণ, প্ল্যাঙ্কটনের ঘাটতি, জলবায়ু ও লবণাক্ততার পরিবর্তন ইলিশের প্রজনন ও খাদ্য সরবরাহে প্রভাব ফেলছে, যা বড় ইলিশের সংখ্যা কমার মূল কারণ।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ বিষয়ে জানান, এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি ধরা পড়বে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত