শিক্ষার্থীদের ব্লকেড প্রত্যাহার, যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৪:১১ পিএম

স্থায়ী ক্যাম্পানের দাবিতে যমুনা সেতু পশ্চিমে মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১ ঘণ্টা পর ব্লকেড প্রত্যাহার করায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক রুটে যান স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেড ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন রবীন্দ্র শিক্ষার্থীরা।

এর আগে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে বেলা ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকা ও উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্লকেড প্রত্যাহারের পর ঢাকা ও উত্তরবঙ্গগামী উভয় লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন। অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়নি নিশ্চিত করেছেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে শিক্ষার্থীরা বসে পড়েন। এ কারণে উভয় লেনই বন্ধ করে দেওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করার পরে সড়ক ছেড়ে দেওয়া হয়েছে।

জাকারিয়া জিহাদ আরও বলেন, আজকে রেল ও সড়ক পথ অবরোধের কথা ছিল। কিন্তু বুধবার (১৩ আগস্ট) উল্লাপাড়ায় রেলপথ অবরোধের কারণে সিডিউল বিপর্যয় ঘটে। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রেলপথ ছেড়ে দিয়েছি। তবে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করেছি। তবে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। শিগগিরই আমরা পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত