শেবাচিমে হামলার ঘটনায় ক্ষোভ

চার দফা দাবি নিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম

শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব হাসপাতালের ব্যবস্থাপনা ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে চলমান আন্দোলনের ১৮তম দিনে অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। হামলার পর নতুন করে চতুর্থ দাবি যুক্ত করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি অভিযোগ করে বলেন, প্রায় তিন দিন ধরে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে হাসপাতালে সামনে অনশনে অংশ নিয়েছে। আজ হঠাৎ স্টাফদের পোশাক পরিহিত একদল লোক উসকানিমূলকভাবে আমাদের ওপর হামলা চালায়। এতে অনশনে থাকা বহু শিক্ষার্থী রক্তাক্ত ও মারাত্মকভাবে আহত হয়।

তিনি দাবি করেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আগের দিন শিক্ষার্থীদের দাবি ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করে প্রশাসনিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন, যা হামলার পরিবেশ তৈরি করেছে। রনির ভাষায়, দায়িত্বশীল একজন মানুষ হয়ে ডিজির এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।

রনি জানান, হামলার ঘটনায় তাদের পূর্বের তিন দফা দাবির সঙ্গে চতুর্থ দফা হিসেবে “সব হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার” যুক্ত করা হয়েছে। তিনি বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কেউ নিখোঁজ বা আহত আছেন কিনা তা পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আমরা কাউকে ভয় পাব না।”

তিনি আরও সতর্ক করেন, “আমাদের আন্দোলনে কেউ ব্যক্তিগত স্বার্থে প্রবেশের চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব। এই আন্দোলন গণমানুষের, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত