বরিশাল-ঢাকা মহাসড়কের সিঅ্যান্ডবি রোডে পণ্যবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কাজিপাড়ার সড়কের মুখে এই ঘটনা ঘটেছ।
এই ঘটনায় আহত অটোচালককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী তৌফিক আহম্মেদ শুভ শের-ই-বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মাইনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, নথুল্লাবাদ থেকে মেডিকেল কলেজে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকেরর সাথে হলুদ অটোর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর যাত্রী মেডিকেল শিক্ষার্থী তৌফিক আহম্মেদ শুভর মৃত্যু হয়। পাশাপাশি অটোচালক আহত হন। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ শেবাচিমের মর্গে রাখা হয়েছে। অটোচালককে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে ট্রাকচালক রিয়াজকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
