অনূর্ধ্ব-১৭ দলের সংবাদ সম্মেলন হলেও বাফুফে ভবনে নারীদের আবাসিক ক্যাম্পের সুযোগ-সুবিধা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। তাতে মেজাজও হারিয়েছেন নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। ঢাকা ব্যাংক লিমিটেডের মতো একটি বানিজ্যিক প্রতিষ্ঠান দীর্ঘ আট বছর ধরে পার্টনার হিসেবে নারী ফুটবলের সঙ্গে কাজ করছে। তারপরও ক্যাম্পে ফুটবলারদের সুযোগ-সুবিধা, বিশেষ করে খাবারের মান ভালো হচ্ছে না, এমন প্রশ্নে ক্ষেপে গিয়ে ফের পাঙ্গাস মাছের প্রসঙ্গে টেনে এনেছেন কিরণ।
কিছুদিন আগে নিজেই বলেছিলেন ক্যাম্পে মেয়েদের পাতে কখনই চাষের সস্তা পাঙ্গাস মাছ তুলে দেওয়া হয়নি। বৃহস্পতিবার ভুটানগামী অনূর্ধ্ব-১৭ দলের সংবাদ সম্মেলনে তিনি নিজের বলা কথার সত্যতা প্রমাণ দিতে চেয়েছেন দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাসকে দিয়ে পাঙ্গাস মাছ না খাওয়ানোএ বিষয়টি বলিয়ে, 'পাশে অর্পিতা আছে, ওকেই জিজ্ঞাসা করে দেখুন পাঙ্গাস খায় কীনা?' অর্পিতা বলেন, 'ক্যাম্পে আমাদের কখনই পাঙ্গাস মাছ খাওয়ানো হয়নি।'
সেই সঙ্গে ঢাকা ব্যাংকের কাছ থেকে এত বছরে পৃষ্ঠপোষকতা বাবদ বাফুফে কী পেয়েছে সেটা কেন প্রকাশ করা হয় না এই প্রশ্নও পছন্দ হয়নি মাহফুজার। জবাবে বলেন, 'আমাদের অডিট রিপোর্টে সব কিছু থাকে। আমরা আর্থিক বিষয়ে স্বচ্ছ। প্রতি ফেডারশেনের আলাদা দর্শন ও নীতি রয়েছে।'
মেয়েরা নিয়মিত সাফল্য এনে দিলেও তাদের সুযোগ-সুবিধা এমনকি প্রাপ্য বুঝিয়ে দিতে বাফুফের গড়িমসি সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হচ্ছে। নিয়মিত বেতন, বোনাস না পাওয়ায় আড়ালে ফুটবলাররা নিয়মিতই ক্ষোভ প্রকাশ করছেন। আবার মাহফুজার কাছে দাবী জানিয়েও বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন, বলে অভিযোগ আছে।
মেসির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন রিয়ালের 'মাস্তান'