হবিগঞ্জের মাধবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মাধবপুর থানা পুলিশের একটি দল উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের আমরু মিয়ার পুত্র কাশেম মিয়া (২৫) ও তিশক মিয়ার পুত্র জাকির হোসেন (২৪)।
এর আগে বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামের ধলাই মিয়ার গোষ্ঠী ও সেলিম মেম্বারের গোষ্ঠীর লোকজনের মধ্যে সৌদি আরবে সংঘর্ষের ঘটনার জের ধরে দুই দলের সংঘর্ষে ওসি সহিদ উল্ল্যাহসহ ৭ পুলিশ সদস্য ও উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে মাধবপুর থানার এসআই বিজয় দেবনাথ বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০/৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মাধবপুর থানার ওসি মো. সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
