কুড়িগ্রামের কচাকাটায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বক্কর বলদিয়া ইউনিয়নে পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে।
স্থানীয়রা জানায়, বক্কর কাজ শেষে বাড়ির ফিরছিলেন। এ সময় সাধুর মোড় এলাকায় পৌঁছলে কচাকাটার দিক থেকে ভূরুঙ্গামারীর গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বক্কর মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসা শুরুর সময় বক্কর মারা যান।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, আবু বক্কর নামের এক ব্যক্তিকে গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। চিকিৎসা শুরু করার মুহূর্তে ওই ব্যক্তি মারা যান। তার মাথায় আঘাত ছিল ও প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আঘাত ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
কচাকাটা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আম্পায়ারের সঙ্গে তর্ক করে শাস্তির মুখে আলকারাজ