উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজের দুটি বাংলাদেশের

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

ক্রিকেটের মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। যেখানে গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি স্মরণীয় সিরিজ। তালিকার ১৫ নম্বরে রয়েছে ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ৭ নম্বরে স্থান পেয়েছে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হওয়া রোমাঞ্চকর সিরিজটি।

২০১৬ সালের ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের সাহসী লড়াই সত্ত্বেও জয় পায়নি বাংলাদেশ। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বদলে যায় দৃশ্যপট। ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানে বিনা উইকেটে থাকা ইংল্যান্ড ১৬৪ রানে গুটিয়ে যায়। সেই ম্যাচে মিরাজ ৬টি ও সাকিব আল হাসান ৪টি উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।

২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে হেরে গেলেও সিরিজটির রোমাঞ্চের কারণে জায়গা করে নিয়েছে উইজডেনের তালিকায়। চট্টগ্রাম টেস্টে কাইল মায়ার্স খেলেছিলেন অপরাজিত ২১০ রানের অবিস্মরণীয় ইনিংস। যা ক্যারিবীয়দের ৩ উইকেটে জয় এনে দেয়। মিরপুরে দ্বিতীয় টেস্টেও ছিল টানটান লড়াই। কিন্তু শেষ হাসি হাসে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই দুটি সিরিজ জয়-পরাজয়ের বাইরেও স্মরণীয় হয়ে আছে নাটকীয়তা, লড়াই ও স্মরণীয় মুহূর্তের জন্য।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত