অ্যানফিল্ডে শুক্রবার রাতে লিভারপুল ও বোর্নমাউথের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম। ম্যাচ শুরু ও শেষটা ছিল আবেগের। ম্যাচে আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড ডিয়েগো জটাকে। শেষেও ছিলেন তিনি। আর লিভারপুল খেলোয়াড়দের গোল উদযাপনেও ছিল জটার ছোঁয়া। অ্যানফিল্ডে এবারের আসরের প্রথম ম্যাচটি লিভারপুল জিতেছে ৪-২ গোলে।
অবশ্য এমন ম্যাচেও ঘটেছে বর্ণবাদী আচরণ এর ঘটনা, যার জবাবটা গোল করেই দিয়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিও।ম্যাচের আধা ঘন্টার একটু আগে হঠাৎ খেলা বন্ধ করে দিয়ে দুই অধিনায়ক এবং সাইডলাইনে দুই কোচের সঙ্গে কথা বলতে দেখা যায় রেফারিকে। একটু পর আবার শুরু হয় খেলা। পরে লিগ কর্তৃপক্ষ জানায়, সেমেনিওকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল দর্শকদের কেউ। তিনি বিষয়টি জানানোর পর খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি।
৩৭ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। আলেক্সিস ম্যাক অ্যারিস্টারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান একিতিকে। বক্সে ঢুকে নিচু শটে গোল করেন তিনি। প্রিমিয়ার লিগে অভিষেকেই ফরাসি এই ফরোয়ার্ড পেলেন গোল। প্রথমার্ধে হয় ওই এক গোলই।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে একিতিকের পাসে বল পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। ৬৪ ও ৭৬ মিনিটে অ্যান্তোইন সেমেনিও গোল করে ম্যাচে সমতা আনেন।
৮২ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের বদলি নামানো হয় কিয়েসাকে। ৮৮ মিনিটে ইতালিয়ান এই ফরোয়ার্ড এগিয়ে নেন দলকে। বক্সের ভেতর বোর্নমাউথের খেলোয়াড়রা হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ভলিতে জালে পাঠান তিনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করেন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে অ্যান্ড্রু কোলের পাশে বসলেন সালাহ, দুজনেরই ১৮৭ টি করে।
ম্যাচ শেষেও জটাকে স্মরণ করে কাঁদতে দেখা গেছে সালাহকে।
ভারতে খেলতে আসছেন রোনালদো!
পাকিস্তানে বন্যায় নিহত বেড়ে ২০০