'ব্যাট ও বল হাতে গেম চেঞ্জার' সাকিব খেলবেন আটলান্টায়

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১১:৫৯ এএম

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলবেন। তাকে দলে টেনেছে আটলান্টা ফায়ার। দলটি তাদের ফেসবুক পেইজে সাকিবকে দলে নেওয়ার কথা জানিয়েছে।

ফেসবুক পেজে আটলান্টা লিখেছে, 'আমরা রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দিতে যাচ্ছেন। ব্যাট ও বল হাতে একজন গেম চেঞ্জার সাকিব অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও তারকা শক্তি এনে দেবেন ফায়ারের লাইনআপে। আটলান্টায় তার জাদু দেখার জন্য তৈরি হোন।'

২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট হয়েছে আগেই। বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন।

সিপিএলে খেলার কারণে এমসিএলের শুরুতে থাকতে পারবেন না সাকিব। সিপিএল শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আটলান্টায় যোগ দেবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত