আক্রমণভাগে খরচ ৩ হাজার ৪০০ কোটি টাকা, কতদূর যাবে ম্যানইউ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম

ইংলিশ ফুটবলে (বর্তমান ইপিএল) সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়া দুই দলের একটি ম্যানচেস্টার ইউনাইটেড। ঐতিহ্যবাহী ম্যানইউ এবং লিভারপুলের শিরোপা সংখ্যা ২০টি করে। গেল মৌসুমেই লিভারপুল ম্যানইউর একক রাজত্বে ভাগ বসিয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ২০ লিগ শিরোপার সবশেষটি জিতেছে ২০১২-১৩ মৌসুমে।

গেল মৌসুমে রেড ডেভিলরা ১৫তম স্থানে থেকে শেষ করে লিগ। ইউরোপা লিগের ফাইনালে উঠলেও হেরে যায় টটেনহ্যামের কাছে। এবার ম্যানইউর অবস্থান কত হবে?

রুবেন আমোরিম গেল মৌসুমে মাঝপথে দায়িত্ব নেন ইংলিশ ক্লাবটির। এবার তিনি পুরো মৌসুম পাচ্ছেন দলকে নিজের মতো করে পরিচালনার জন্য। ২০২৪-২৫ মৌসুম শেষে কোচ আমোরিম ম্যানইউ সমর্থকদের বলেছিলেন, 'আমি জানতাম ঝড় আসবে। এই মৌসুমে হাতাশার পর, আমি বলতে চাই সামনে ভালো দিন আসছে।'

গেল কয়েক বছরে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের পারফরম্যান্স ভালো না হওয়ার অন্যতম কারণ তাদের খেলোয়াড়দের গোলখড়া।আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে পারেনি। এবার মৌসুমের আগে দল-বদলে ম্যানইউ শুধু আক্রমণভাগের জন্যই খরচ করেছে ২০৭ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা।

দলে এসেছেন সেন্টার ফরোয়ার্ড বেঞ্জামিন সেসকো। তিনি আরবি লাইপজিগ থেকে ৭৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দেন ম্যানইউতে। ব্রায়ান এমবেউমো ৭১ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে যোগ দিয়েছেন ব্রেন্টফোর্ড থেকে। লিগে গত মৌসুমে ২০ গোল করেন এমবেউমো। এছাড়া ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাথিয়াস কুনহাকেও দলে নিয়েছে রেড ডেভিলরা। কুনহা উলভস থেকে এসেছেন ৬২.৫ মিলিয়ন পাউন্ডে। তাকে লেফট উইংয়ে খেলাচ্ছেন আমোরিম।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে শেষ দুটি ম্যাচে নির্ধারিত সময়ে জিততে পারেনি রেড ডেভিলরা। ফিউরেন্তিনার বিপক্ষে ১-১ গোলে ড্র তার আগে এভারটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানইউ। ২০২৫-২৬ মৌসুমে নতুন আক্রমণভাগ কেমন করবে সেটি দেখার। 

প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে আগামীকাল রবিবার ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে আর্সেনালের বিপক্ষে। গেল মৌসুমে আর্সেনাল লিগে দ্বিতীয় হয়েছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত