চরিত্রাভিনেত্রী থেকে চিত্রনায়িকা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম

এর আগে একগুচ্ছ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। তবে এবারই প্রথমবার চিত্রনায়িকা হিসেবে হাজির হচ্ছেন এই মডেল-অভিনেত্রী। তাকে নিয়ে পরিচালক  আলী জুলফিকার জাহেদী বানাচ্ছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের একটি চলচ্চিত্র। এতে রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প তুলে ধরা হবে। ইতিমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। 

 রুনা খান বলেন, ‘গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয়। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।’ 

রুনা খান জানান, পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে। সেটি তুলে ধরা হবে সিনেমায়। তিনি বলেন, ‘চলচ্চিত্র: দ্য সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কাজটির জন্য। আশা করছি, ভালো কাজ হবে। চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তুলতে আমার শতভাগ চেষ্টা থাকবে। দর্শকদের ভালো লাগলে কাজটি সার্থকতা পাবে।’ 

আগামী শীতের মৌসুমে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানান রুনা খান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত