নরসিংদীতে বিএনপি’র অফিস ভাঙচুর, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়ানোর ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

রবিবার (১৭ আগস্ট) দুপুরে শিবপুরের রায়পুর চৈতন্যা বাসস্ট্যান্ড তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের এর একটি দল । 

গ্রেপ্তারকৃত নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে ছিলেন।

র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের উপপরিদর্শক রবিউল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় রায়পুরা থানার একটি মামলার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনের নামে ওয়ারেন্ট ছিলো। দুপুরে গোপন সংবাদে জানা যায় নাসির উদ্দীন চৈতন্যা বাজারে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয় তারা। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত