'বেবি এবি' উপাধি ব্রেভিসের চাপ বাড়িয়েছে : ম্যাক্সওয়েল

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:০২ পিএম

দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসকে তার আসল নামে যতটা না চেনে ক্রিকেট প্রেমীরা তার চেয়ে তার নিক নেমে বেশি পরিচিত। ব্রেভিসের উপাধিটি হলো বেবি এবি। অর্থাৎ ছোট এবি। মূলত এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনাতেই এমন উপাধি পান ব্রেভিস। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের মতে বেবি এবি উপাধি আরও চাপ বাড়িয়েছে ব্রেভিসের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে অজিদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪১ বলে সেঞ্চুরি করেন ব্রেভিস, যা প্রটিয়াদের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি। শনিবার শেষ টি-টোয়েন্টিতে করেন ২৬ বলে ৫৩। এক সাক্ষাৎকারে ব্রভিসকে নিয়ে ম্যাক্সওয়েল বলেন, 'ক্যারিয়ারের শুরুতেই তার (ব্রেভিস) কাঁধে বিশাল এক বোঝা চাপানো হয়েছিল (বেবি এবি উপাধি)। অল্প বয়সেই তাকে দক্ষিণ আফ্রিকার দলে নেওয়া হয়। তবে সে নিজের খেলা নিয়ে কাজ করেছে এবং এখন দুর্দান্ত খেলছে। দারুণভাবে ব্যাট ঘুরাতে পারে সে। ব্রেভিস যখন (ব্যাটে) ঝড় তোলে তাকে থামানো মুশকিল।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা ইনিংসে ৫৬ বলে অপরাজিত ১২৫ রান করেন ব্রেভিস। যেখানে ছিল ১২টি চার ও ৮ ছক্কা। স্ট্রাইক রেট ২২৩। এই ইনিংসের পর ডি ভিলিয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেছিলেন, 'ব্রেভিসকে নিলামে দলে নেওয়ার জন্য আইপিএল দলগুলোর সামনে সোনালি সুযোগ ছিল। দলগুলো সেটা হাতছাড়া করেছে। চেন্নাই হয়তো ভীষণ ভাগ্যবান ছিল, অথবা এটাকে বলা যায় সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক।'

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে চোখ ধাঁধানো অভিষেক ঘটলেও ধারাবাহিকতার অভাবে দল ছাড়তে হয় ব্রেভিসকে। তবে ২০২৫ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস তাকে ইনজুরির কারণে বদলি খেলোয়াড় হিসেবে দলে নেয় ২.২ কোটি রুপিতে। মাত্র ছয় ম্যাচে ২২৫ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৮০। কিছুদিন আগে অবশ্য ব্রেভিসকে দলে নেওয়ার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানান, ব্রেভিসকে নিয়ম মেনে নয় বেশি অর্থ দিয়ে দলে নেয় চেন্নাই। পরে চেন্নাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্রেভিসকে দলে পেতে নিয়ম ভাঙেনি তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত