‘আমার জন্ম গ্রামে, গ্রামীণ পটভূমিতেই আমার বেড়ে ওঠা। গ্রামের প্রতি বরাবরই আমি বিশেষ এক ধরনের টান অনুভব করি। সেই টান কিংবা ভালোবাসা থেকেই মূলত গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে বেশি নাটক নির্মাণ করি।’
নাটক নির্মাণ ও গল্প বাছাইয়ের ক্ষেত্রে এ রকমই মন্তব্য সালাহউদ্দিন লাভলুর। দেশের টিভি ও চলচ্চিত্র জগতের অত্যন্ত মেধাবী এক মানুষ তিনি। অভিনেতা, নাট্যপরিচালক ও চিত্রগ্রাহক একের ভেতর তিন গুণ সম্পন্ন এ তারকার নাম সালাহউদ্দিন লাভলু। ক্যামেরার কারসাজিতে বেশ পটু হওয়ার দরুন তাকে ‘ক্যামেরার কবি’ বলে থাকেন অনেকে। নতুন শিল্পী তৈরির ‘কারখানা’ও বলা হয় তাকে।
গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে যতগুলো টিভি নাটক কিংবা সিরিয়াল দর্শকপ্রিয়তা পেয়েছে, তার বেশিরভাগই লাভলুর নির্মাণ। সম্প্রতি আরও একটি গ্রামকেন্দ্রিক নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করছেন এই অভিনেতা-নির্মাতা। নাটকের নাম ‘ফুলগাঁও’। চ্যানেল আইয়ে প্রচারের জন্য নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। ফুলের গাঁওয়ের মানুষদের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফুলগাঁও’ ধারাবাহিকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আ খ ম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদসহ অনেকে।
সালাহউদ্দিন লাভলুর কাছ থেকে জানা গেল, ইতিমেধ্যে ‘ফুলগাঁও’-এর কয়েক লটের কাজ শেষ করেছেন তিনি। নাটকে যাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ, রাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আ খ ম হাসান, মালা চরিত্রে অভিনয় করছেন নমিরা ও হ্যাপি চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, ‘শ্রদ্ধেয় লাভলু ভাইয়ের নির্দেশনায় আমি নাটকে অভিনয় করছি প্রায় দুই দশক ধরেই। যার কারণে লাভলু ভাইয়ের টিউনের সঙ্গে আমি পরিচিত। লাভলু ভাই যে টোনে সাধারণত কাজ করে থাকেন, সেই টোনেই তিনি ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও তিনি কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। সত্যি বলতে কী, লাভলু ভাইয়ের সেটে কাজ করলে মনে হয় না যে শুটিং করতে এসেছি। মনে হয় যেন পারিবারিক কোনো আড্ডা দিতে এসেছি।’
আরফান আহমেদ বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ, একটা গুড মুডে থাকা সবসময়। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখব। লাভলু ভাই মানেই হলো একজন শিক্ষক, লাভলু ভাইয়ের নির্দেশনায় মানেই হলো প্রতিটি দৃশ্য নিজেকে বুঝতে হবে নিজের ভেতর লালন করে তারপরই অভিনয় করতে হবে। এখানে তাড়াহুড়োর কিছু নেই। লাভলু ভাইয়ের কাজ মানেই অপেক্ষায় থাকা একটি ভালো কাজ প্রচারের।’
অভিনেত্রী সিনথিয়া বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছে, লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খ- নাটকে অভিনয় করার। অভিনয়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের।’
নমিরা বলেন, ‘এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার। তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লাগছে এবং আমি নতুন কিছু শিখছি। বিশেষ করে কুষ্টিয়ার ভাষাটা শিখছি আমি।’
সালাহউদ্দিন লাভলু জানান, শিগগিরই ধারাবাহিকটি প্রচার শুরু কবে।