মহারাজের ঘূর্ণিতে সর্ষে ফুল দেখলো বিশ্ব চ্যাম্পিয়নরা, রেকর্ড জয় প্রোটিয়াদের

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম

কেশব মহারাজের ভয়ংকর ঘূর্ণিতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ব্যাটাররা সর্ষে ফুল দেখালো কেয়ার্নসে। এই বাহাতি স্পিনারের এক ভয়ংকর স্পেলে বিপর্যন্ত অজিরা ১৯৮ রানে গুটিয়ে যাওয়ায় ৯৮ রানের দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের এটা সবচেয়ে বড় জয়। এর আগের বড় জয় ছিল ১৯৯৪ সালে পার্থে ৮২ রানের ব্যবধানে। 

২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করে অস্ট্রেলিয়া। মাত্র ৭ ওভারে তারা তোলে ৬০ রান। কিন্তু এখানেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মহারাজ। এক প্রান্ত আঁকড়ে ধরে মাত্র ২৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে ধস নামান অজিদের ব্যাটিং অর্ডারে। তার স্পিনের জালে একে একে ধরা পড়েন লাবুশেন, গ্রিন, ইংলিস, ক্যারি ও হার্ডি।

৬০ রানে কোনো উইকেট না হারানো অস্ট্রেলিয়া মুহূর্তেই নেমে যায় ৮৯/৬-এ। শেষ চেষ্টা চালান অধিনায়ক মিচেল মার্শ। বেন ডোয়ারশুইসকে সঙ্গে নিয়ে তিনি সপ্তম উইকেটে ৭১ রানের জুটি গড়েন। কিন্তু নান্দ্রে বার্গার সেই জুটি ভেঙে ফেরান ডোয়ারশুইসকে। এরপর তিনিই মার্শকেও ফিরিয়ে দেন (৮৮)। অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানে।

এর আগে ব্যাট হাতে এইডেন মার্করাম (৮২), টেম্বা বাভুমা (৬৫) ও ম্যাথিউ ব্রিটজকে (৫৭) অর্ধশতক হাঁকিয়ে ভীত গড়ে দেন দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে উইয়ান মুল্ডারের ২৬ বলে ৩১ রানের ইনিংসে প্রোটিয়ারা দাঁড় করায় ২৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর। অজিদের হয়ে পার্টটাইম স্পিনার ট্রাভিস হেড নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ২৯৬/৮ (৫০ ওভার) (মার্করাম ৮২, বাভুমা ৬৫, ব্রিটজকে ৫৭, রিকেলটন ৩৩, মুল্ডার ৩১*, হেড ৪/৫৭)। 
অস্ট্রেলিয়া ১৯৮/১০ (৪০.৫ ওভার) (মার্শ ৮৮, ডোয়ারশুইস ৩৩, ট্রাভিস হেড ২৭, মহরাজ ৫/৩৩)। 
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জয়ী, সিরিজে ১-০ তে এগিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত