মেসি আমাকে বড় কোচ হতে সাহায্য করেছে: মরিনহো

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১১:৪৬ এএম

খ্যাতিমান পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে বলা হয় ‘দ্য স্পেশাল ওয়ান’। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি বহুবার মুখোমুখি হয়েছেন লিওনেল মেসির। আর্জেন্টিনার কিংবদন্তি তখন ক্যারিয়ারের প্রারম্ভে ছিলেন। কিন্তু এটাই সত্যি যে, মেসির বার্সেলোনার কাছে বেশিরভাগ সময়ই হারতে হয়েছিল মরিনহোর রিয়ালকে!

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে শাসন করা মেসিকে কারও সঙ্গে তুলনা করাই কঠিন। বিশ্বকাপ জয়ের পর নিজেকে নিয়ে গেছেন সর্বোচ্চ উচ্চতায়। পাশাপাশি তার মহত্ত্ব এমনই ছিল যে প্রতিপক্ষ দলগুলোর কোচের কাছ থেকেও তিনি সম্মান কুড়িয়েছেন। যেমন মরিনহো পর্যন্ত বলেছেন, তার ‘বড় কোচ’ হয়ে ওঠার পেছনে বড় অবদান রেখেছেন লিওনেল মেসি!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মরিনহোকে জিজ্ঞেস করা হয়—কোন খেলোয়াড় তাকে কোচ হিসেবে সবচেয়ে বেশি শিখিয়েছে এবং বেড়ে উঠতে সাহায্য করেছে? বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি বলেন, ‘মেসিই সেই খেলোয়াড়, যে আমাকে বড় কোচ হয়ে উঠতে সাহায্য করেছে’। কেন মেসিকেই বেছে নিলেন- এমন প্রশ্নে পর্তুগিজ এই কোচের উত্তর, ‘কারণ আমরা যখনই তার বিপক্ষে খেলতাম, তাকে নিয়ে আমাকে অনেক বেশি ভাবতে হতো।’

মরিনহোর মতে, বছরের পর বছর মেসি তার জাদুকরী ফুটওয়ার্ক দিয়ে প্রতিপক্ষ রক্ষণ ভেঙেছেন, এমন সব কিছু করেছেন যা ফুটবলের নিয়মকানুনকেও অতিক্রম করে গেছে। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মরিনহোকে আরও প্রশ্ন করা হয়— কোন খেলোয়াড়ের মধ্যে তিনি অসাধারণ সম্ভাবনা দেখেছিলেন, কিন্তু কখনও তাকে কোচিং করানোর সুযোগ পাননি? মরিনহোর উত্তরও ছিল আগের মতোই— ‘মেসি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত