কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাজারে ৩৫ কেজি ওজনের বিশাল আকারের কাঁঠাল উঠেছে।
বুধবার (২০ আগস্ট) স্থানীয়রা এই কাঁঠাল দেখতে বাজারে ভিড় করে। কেউ কেউ আবার ছবি তুলে ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। বিশাল আকারের এই কাঁঠালটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন মোস্তফাপুর গ্রামের সাগর মিয়া।
স্থানীয়রা জানায়, এই আকারের কাঁঠাল আগে কখনো দেখেনি। কাঁঠালটি সাগর মিয়া বাজারে নিয়ে আসলে দেখার জন্য ইচ্ছুক জনতার ভিড় জমে যায়।
বিক্রেতা প্রথমে দাম বেশি চাইলেও পরে ১৫০০ টাকায় জয়নগরের দাদন খাঁনের কাছে বিক্রি করেন।
জানা যায়, বিক্রেতা সাগর মিয়ার বাড়ির কাঁঠাল গাছগুলোর মধ্যে এই কাঁঠালটি সবচেয়ে বড় হয়েছে। অন্যান্য বছর কাঁঠাল বড় হলেও এটির মত এত বড় হয়নি। কাঁঠালটি বড় হতে দেখে বিশেষ ব্যবস্থায় পাহারা দিয়ে রেখেছেন যেন চুরি না হয়ে যায়। কাঁঠালটি পেকে যাওয়ায় বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছেন।
স্থানীয় বাসিন্দা ফাহাদ ভূইয়া বলেন, এত বড় কাঁঠাল লাইফে আমি কখনো দেখিনি। কাঁঠালটি না কিনলেও দেখে ভালো লেগেছে।
ক্রেতা দাদন খাঁন বলেন, এত বড় কাঁঠাল আগে কখনো দেখিনি। তাই কাঁঠালটি কিনে ফেললাম। কাঁঠালটি কিনতে পেরে ভালই লাগছে।
