রোহিত-কোহলি উধাও, বুড়ো স্টিভ টিকোলোর নাম আইসিসি র‍্যাংকিংয়ে!

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম

আইসিসির সাপ্তাহিক হালনাগাদ করা প্লেয়ার্স র‍্যাংকিংয়ে ঘটে গেল এক বিরল ঘটনা। প্রযুক্তিগত সমস্যার কারণে হঠাৎ করেই ওয়ানডে র‍্যাংকিং থেকে উধাও হয়ে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অথচ দু’জনই এখনও ওয়ানডেতে সক্রিয় ক্রিকেটার এবং আগের আপডেটে ছিলেন শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে।

আজ ২০ আগস্ট প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা যায়, প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ আবারও ওয়ানডে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন। ব্যাটিং এবং অলরাউন্ডার ক্যাটাগরিতেও কিছু পরিবর্তন আসে। তবে মূল আলোচনার জন্ম দেয় ওয়ানডে র‍্যাংকিংয়ের অস্বাভাবিক সব ঘটনা।

রোহিত-কোহলিকে বাদ দিয়ে টপ–১০০ ব্যাটসম্যানের তালিকায় উঠে এসেছেন এমন সব নাম, যারা বহু বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বা আর খেলেনই না। উদাহরণস্বরূপ, কেনিয়ার ৫৪ বছর বয়সী অলরাউন্ডার টমাস ওডোয়ো, স্টিভ টিকোলো, অ্যালেক্স ওবান্দা, হংকংয়ের আনশি রাঠ, এমনকি অবসর নেওয়া ফাফ দু প্লেসিস, জেসন রয় কিংবা বাবর হায়াতের নামও দেখা যায় তালিকায়।

প্রথমদিকে ব্যাপারটি ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি করে। কারণ টি-টোয়েন্টি ও টেস্ট র‍্যাংকিংয়ে এমন কোনো সমস্যা দেখা যায়নি।

অবশেষে উইসডেন ডট কম বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করলে সংস্থাটি স্বীকার করে, "এই সপ্তাহের র‍্যাংকিংয়ে বেশ কিছু কারিগরি সমস্যা হয়েছে, যা তদন্ত করা হচ্ছে।"

তদন্ত শেষে দ্রুতই সমস্যা সমাধান করে আইসিসি। সংশোধিত র‍্যাংকিংয়ে নিষ্ক্রিয় ক্রিকেটারদের নাম বাদ দিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আগের অবস্থানেই ফিরিয়ে আনা হয়। ফলে বিতর্ক মিটে গেলেও, কয়েক ঘণ্টার জন্য হলেও ক্রিকেট বিশ্বে রোহিত-কোহলির নাম উধাও হয়ে যাওয়ার ঘটনা হয়ে রইল অনন্য এক কাণ্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত