জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে চাই: আকরাম

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম

গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে কোনো মঞ্চেই না খেলার কথা শোনা গিয়েছিল ভারতের ক্রিকেটাঙ্গনে। সম্প্রতি শেষ হওয়া সাবেকদের টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। আসন্ন এশিয়া কাপেও কি এমন হবে? বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ওয়াসিম আকরাম।

আগামী ১৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। ভারতের অনেক সাবেক ক্রিকেটারই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে না খেলার পক্ষে মত দিয়েছেন। বিষয়টি নিয়ে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেছেন, ‘এশিয়া কাপের সময়সূচী প্রকাশ করা হয়েছে। দেখা যাক পরিস্থিতি কেমন হয়। পাকিস্তানের অবস্থান ঠিক আছে। আমরা আসলে এ বিষয়ে শান্ত আছি।’

রজনৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ওয়াসিম আবারও এই সিরিজ চালু করার দাবিও জানিয়েছেন, ‘আমি আমার জীবদ্দশায় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি টেস্ট সিরিজ দেখতে আশা করি। তবে আমার মনে হয় ভারতীয়দের এ বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আমার মতে, রাজনীতি বাদ দিলে… আমরা রাজনীতিবিদ নই, আমি রাজনীতিবিদ নই। তারা তাদের দেশ সম্পর্কে দেশপ্রেমিক, এবং আমরা দেশপ্রেমিক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত