‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রের তারকা ও অনলাইন দুনিয়ায় ‘সবচেয়ে দয়ালু’ বিচারক হিসেবে পরিচিত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও ৮৮ বছর বয়সে মারা গেছেন। তার পরিবারের বরাত দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

রোড আইল্যান্ডে ৪০ বছরের কর্মজীবনে তিনি মানবিকতা ও রসিকতার মাধ্যমে বিচার কার্য সম্পাদনের জন্য খ্যাতি লাভ করেছিলেন। আসামিদের ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় এনে তিনি রায় দিতেন।

তার পরিচালিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান কট ইন প্রভিডেন্স-এ বিচার কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিলিয়নবার দেখা হয়েছে। এরপরেই তিনি অনলাইন দুনিয়ায় ‘সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিতি পান।

মৃত্যুর আগে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

নিজ শহর রোড আইল্যান্ডের প্রভিডেন্সে তিনি হাজারো মামলা পরিচালনা করেছিলেন, এরপর শুরু হয় তার টিভি ক্যারিয়ার। তার অন্যন্য বিচারিক কার্যক্রম অনলাইনে বরাবরই ভাইরাল হয়েছে। যেমন শিশুদের তার পাশে বসিয়ে বিচার করা কিংবা নিজের একটি ‘মিনি-জাজ’ সফট টয় উন্মোচন করার মতো বিষয়গুলো নেটিজেনদের মন জয় করেছে।

২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিচারক ক্যাপ্রিও বলেন, তার আদালতের কার্যক্রমে রোড আইল্যান্ডের জীবনের একটি অংশ ফুটে ওঠে, যা খুবই আকর্ষণীয়। সারা দেশে সাধারণ মানুষের মধ্যে নিত্য যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলোর প্রতিফলনও ছিল।

ইনস্টাগ্রামে তার ৩৪ লাখ অনুসারীর উদ্দেশে দেওয়া বিবৃতিতে বলা হয়, বিচারক ক্যাপ্রিওকে স্মরণ করা হবে তার ‘অসীম দয়ার জন্য।’

২০২৩ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বিচারক ক্যাপ্রিও বলেছিলেন, তিনি যতটা সম্ভব লড়াই করার জন্য প্রস্তুত। অনুসারীদের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

শেষ দিকের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে তিনি জানান, চিকিৎসায় বাধা আসায় আবারও তিনি হাসপাতালে ভর্তি হয়েছেনঅ। সকলে যেন তার জন্য দোয়া করে।

স্ত্রী জয়স ক্যাপ্রিকে নিয়ে তার ছিল প্রায় ৬০ বছরের দাম্পত্য জীবন। ক্যাপ্রি দম্পতির ৫ সন্তান, ৭ নাতি-নাতনি ও ২ প্রপৌত্র-প্রপৌত্রী রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত