মৌলভীবাজারের কমলগঞ্জে ধানিজমি থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকা থেকে অজগরটি উদ্ধার করেন বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা। উদ্ধারকৃত অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধারকারী চঞ্চল গোয়ালা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে জানান একটা অজগর সাপ ধানিজমিতে আটকা পড়ছে। পরে সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করি। পরে সেখান থেকে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে যাই। অজগরটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল, পরে সেটিকে সুস্থ করে বেলা ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, ‘উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
