রাজধানীর বনশ্রীতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত ইমন আলী (২৬) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার খুদে বাউসিয়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে থাকতেন খিলগাঁও ত্রিমোহনী এলাকায়।
নিহতের বন্ধু ও মোটরসাইকেলটির চালক মো. হাবিবুর রহমান জানান, তারা ত্রিমোহনী থেকে মোটরসাইকেল নিয়ে তেজগাঁও যাচ্ছিলেন। পথে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় জ্যামের মধ্যে একটি রিকশার সাথে ধাক্কা লেগে দুজনই পড়ে যান। তখন পিছনে থাকা একটি তেলের লরি তার উপর উঠে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ইমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। রাজধানীতে এক ঠিকাদারের কয়েকটি নির্মান প্রকল্পের কাজ করতেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
