গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজির ইতিহাস গড়া ট্রেবল জয়ের অন্যতম নায়ক ছিলেন উসমান দেম্বেলে। কিলিয়ান এমবাপ্পের কারণে কিছুটা আড়ালে থাকলেও গত মৌসুমে তিনি আসেন লাইমলাইটে। ২০২৪–২৫ মৌসুমে লিগ আঁ-তে ২৯ ম্যাচে করেন ২১ গোল, যা ছিল লিগের সর্বোচ্চ। নতুন মৌসুমে তাকে আরও উজ্জ্বল দেখতে চান দলের স্প্যানিশ কোচ লুইস এনরিকে।
দীর্ঘ প্রতীক্ষার পর গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল পিএসজি। ইউরোপসেরার আসরেও উজ্জ্বল ছিলেন দেম্বেলে। ১৫ ম্যাচে ৮ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেন ৬টিতে। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ জিতে নেন টুর্নামেন্টটির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ফরাসি কাপ জয়ের পথে চার ম্যাচে তিন গোল এবং ক্লাব বিশ্বকাপে চার ম্যাচে দুটি গোল করেন এই রাইট উইঙ্গার। যদিও ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে হেরে তাদের রানার্সআপ হতে হয়।
এবার দারুণ ছন্দে থেকেই নতুন মৌসুম শুরু করেছেন দেম্বেলে। অঁজির বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘আমি মনে করি, এই মৌসুম দেম্বেলের জন্য বড় এক চ্যালেঞ্জ। গত মৌসুমটা অবিশ্বাস্য ছিল। তবুও আমি বিশ্বাস করি, সে আরও উন্নতি করতে পারবে। দেম্বেলে এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে তাকে নিয়ে আলাদা করে কিছু বলা সত্যিই কঠিন। আক্রমণেই নয়, রক্ষণেও দারুণ কাজ করে সে। সে খুবই খুশি। আশা করি, এবারের মৌসুম তার আরও ভালো কাটবে।’
ওয়ানডে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায়
রোনালদোর তারুণ্যের রহস্য: প্লাস্টিক সার্জারির ইঙ্গিত বিশেষজ্ঞের