২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ম্যাচ বণ্টনের পরিকল্পনা জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৫৪টি। এর মধ্যে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়, বাকি ১০টি ম্যাচ নামিবিয়া ও জিম্বাবুয়ে আয়োজন করবে।
দক্ষিণ আফ্রিকার আট ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে— জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেন, ইস্ট লন্ডন ও পার্লে। তবে কোন মাঠে কতগুলো ম্যাচ হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বকাপের বিস্তারিত সূচি প্রকাশ করা হবে টুর্নামেন্ট শুরুর আগে। ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য গোটা বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছে প্রোটিয়া সরকার।
২০০৯ সালে সর্বশেষ আইসিসির বড় কোনো টুর্নামেন্ট হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে দেশটি আয়োজন করেছিল ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপ ফিরছে রেইনবো নেশনের মাটিতে।
২০২৩ সালে ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছিল। সেই আসরে ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেমিফাইনালে হেরে থেমে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত তারা কোনো বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে তারা শিরোপাখরা ঘুচিয়েছে।
ছেলেকে অন্তত দলের সঙ্গে রাখার অনুরোধ শ্রেয়াসের বাবার
ফিফা বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে চান? জানুন আবেদনের যোগ্যতা ও নিয়ম