পঞ্চগড় সদর উপজেলার চাঞ্চল্যকর জাবেদ উমর জয় হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামিকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাতক আসামি হলেন পঞ্চগড় সদর উপজেলার নতুনবস্তী খালপাড়ার আমিনুল ইসলামের ছেলে নুর রাব্বী (২৬), নজরুল ইসলাম মজনুর ছেলে আবু তালেব (২৫) ও মৃত আবতার উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারে উল্লেখিত আসামিরা মাদক ব্যবসায় এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে জাবেদ উমর জয় ও তার বন্ধুরা প্রতিবাদ করেন। এ ঘটনায় আসামিরা ক্ষিপ্ত হয়ে ৬ আগস্ট রাতে জয়কে পঞ্চগড় জেলার সদর থানাধীন সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নিয়ে হামলা করেন। এ সময় ধারালো ছোড়া দিয়ে পেটে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যান। পরে তাকে স্থানীয়রা প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর ও নীলফামারী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
চীন সফরে যাচ্ছে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল