৩৭ বছর বয়সেও ফুটবল পায়ে জাদু দেখানোর ক্ষমতা হারিয়ে ফেলেননি আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। গতকাল শনিবার রাতে রোজারিওর ঐতিহাসিক ক্লাসিকোতে নিউওয়েলস ওল্ড বয়েজকে হারাতে রোসারিও সেন্ট্রালকে জেতালেন দারুণ এক ফ্রি–কিকে। গিগান্তে দে আরোহিতো স্টেডিয়ামে তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পায় সেন্ট্রাল।
দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে দূরের ফ্রি–কিক থেকে বাঁ পায়ের শটে নিউওয়েলসের গোলরক্ষক হুয়ান এসপিনোলার বাম দিকের উপরের কোণ দিয়ে বল জালে পাঠান ডি মারিয়া। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় গ্যালারি। এরপর দৌড়ে গিয়ে পরিবারের সামনে উদযাপন করেন ডি মারিয়া। উল্লাসে জার্সি খুলে ফেলায় অবশ্য হলুদ কার্ড দেখেন, তবে পরোয়া করেননি তিনি।
আর্জেন্টাইন এই মহাতারকার চোখেমুখে তখন আনন্দের অশ্রু, গ্যালারির চারপাশ থেকে ধ্বনিত হচ্ছিল ‘ফিদেও, ফিদেও’। কয়েক মিনিট পর কোচ আরিয়েল হোলান তাকে উঠিয়ে নেন। এতে আরও একবার দাঁড়িয়ে অভিবাদন জানাতে পারে দর্শকরা। সতীর্থরাও উষ্ণ অভ্যর্থনা দেন বিশ্বকাপজয়ী তারকাকে। ম্যাচ শেষে ডি মারিয়া বলেন, ‘১৮ বছর ধরে এই শহরের বাইরে খেলেছি। স্বপ্ন ছিল—ফিরে এসে রোজারিও সেন্ট্রালের হয়ে গোল করা। এখন সেন্ট্রালের হয়ে শিরোপা জেতটাই আমার স্বপ্ন।’
ডি মারিয়ার রোজারিও সেন্ট্রাল অধ্যায় শুরু হয়েছিল ২০০৫ সালে, মাত্র ১৭ বছর বয়সে। এরপর ২০০৭ সালে ইউরোপে পাড়ি জমান। গড়েন বর্ণাঢ্য ক্যারিয়ার। প্রায় দুই দশক পর আবার ফিরেছেন জন্মভূমির ক্লাবে। ফেরার পর এখন পর্যন্ত ছয় ম্যাচে তিন গোল করেছেন তিনি। এই জয়ের পর টুর্নামেন্টের ৬ ম্যাচ শেষে ২ জয়, চারটি ড্র নিয়ে ১০ পয়েন্ট ঝুলিতে আছে রোজারিও সেন্ট্রালের। গ্রুপ ‘বি’ তে তাদের অবস্থান তৃতীয় স্থানে।
তরুণ গোলকিপারের বোকামির পরও আস্থা হারাচ্ছেন না গার্দিওলা
আত্মঘাতী গোলে বার্সেলোনার নজিরবিহীন জয়!